কুষ্টিয়ায় ট্রেনের যাত্রী বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে গার্ড মামুনের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা দুই ঘণ্টা ধরে ট্রেন আটকে রাখে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মে। এতে ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তোপের মুখে ট্রেনের সব স্টাফ পালিয়ে যান।
পরে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা এসে অবরুদ্ধ অবস্থা থেকে ট্রেনটি মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন- আব্দুর রহিম (৬০) ও ছেলে শফিউল আওয়াল সুমন (৪০)। আহতরা চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছে। এ সময় ট্রেনের ধাপ থেকে বেশ নিচু প্লাটফর্ম থেকে ট্রেনের বগিতে উঠার চেষ্টা করেন যাত্রী আব্দুর রহিম, তার স্ত্রী ও ছেলে শফিউল। কিন্তু তারা টিকিটে উল্লেখিত নির্ধারিত বগিতে উঠতে না পেরে তড়িঘড়ি এসি বগিতে উঠেন। এসময় ট্রেনের গার্ড মামুন এসি টিকিট ছাড়াই ওই বগিতে ওঠায় তাদের উপর চড়াও হন। এনিয়ে কথাকাটির এক পর্যায়ে রেলওয়ের গার্ড মামুন চরম উত্তেজিত উঠেন এবং একটি ধারালো ছুরি এনে রহিম ও তার ছেলে শফিউলকে ছুরিকাঘাত করেন।
অনলাইন ডেস্ক