চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা, চট্টগ্রাম রেলস্টেশন এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় পাঁচজনকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
র্যাব-৭ সূত্র জানায়, গত ২ ও ৩ আগস্ট পৃথক তিনটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পাচারে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আনোয়ারায় দুই রোহিঙ্গা আটক
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা থানার তৈলার দ্বীপ সরকারহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় উখিয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে দুই রোহিঙ্গা নাগরিক—মো. শাহ আলম (৪৯) ও মো. রফিউল্ল্যাহ (৩৫)-কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এক্স-রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের পেট থেকে ধাপে ধাপে ইয়াবার প্যাকেট বের করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
বাকলিয়ায় বাসের গোপন চেম্বার থেকে ইয়াবা উদ্ধার
৩ আগস্ট দুপুরে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে র্যাব। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ প্লাস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসটির হেলপার মো. মুজিব (২১) ও চালক মো. আবু হানিফ (২৪)-কে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের সর্বশেষ সিটের পাশে পারটেক্স বোর্ড দিয়ে তৈরি গোপন চেম্বার থেকে ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের স্টুয়ার্ড আটক
একই দিন বিকেলে চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে আটক করে র্যাব। আটক ব্যক্তি মো. মাহাবুর রহমান (২০), যার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।
র্যাব জানায়, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার টাকা।
আইনগত ব্যবস্থা
র্যাব-৭ জানিয়েছে, তিনটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত বাস এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।