চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল, মো. ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করে জানান, আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায়ের জন্য দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট (কালেক্টর)কে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণীসহ কয়েকজন বন্ধু এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে বের হন। রাত পৌনে ১০টার দিকে তারা কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্টে খাবার শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে শুভাঢ্যা এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় একটি অটোমিশুক নিয়ে আসামিরা তাদের পথরোধ করে। পরে বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে রতনের খামার এলাকার একটি নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে তরুণীদের বন্ধুদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এরপর দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীদের বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীকে উদ্ধার করে। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
প্রতিনিধি :