যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল এলাকায় বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) জানায়, সকাল ৮টার আগেই জরুরি ফোন পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এসবিআই জানিয়েছে, আহত একজনকে দ্রুত ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এবং সন্দেহভাজন হামলাকারীর নাম এখনো প্রকাশ করা হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাতে স্থানীয় শেরিফ টনি ডারডেন জানান, ঘটনায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য। তিনি আরও বলেন, ঘটনার আগে ওই পরিবার থেকে শেরিফের দপ্তরে কোনো ধরনের সহায়তার আবেদন বা অভিযোগ করা হয়নি।
ঘটনার পর তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো হুমকি নেই।
বন্দুক হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক