টাঙ্গাইলের সখীপুরে এক নারীকে অপহরণ করে ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সখীপুর উপজেলার খোরশেদ আলমের ছেলে মো. শহিদ, মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ইসমাইল এবং মজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ মে রাতে সখীপুরে এক নারী তার মায়ের সঙ্গে কবিরাজ বাড়িতে যাওয়ার পথে অপহরণের শিকার হন। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানের একটি দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তাকে একটি বাড়ির সামনে রেখে আসামিরা পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে তিন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।
রায় ঘোষণার সময় আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রতিনিধি :