নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারে ব্যবহৃত একটি স্টিল বডি বাল্কহেড জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার মৌলভীচরের সন্নিকটে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য নিশ্চিত হয়ে কোস্টগার্ডের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি বাল্কহেডে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট পাওয়া যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক ব্যক্তিরা এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পরে আটক তিনজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছে।
প্রতিনিধি :