গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই এলাকার সাইফুল ইসলাম (৪৮) এবং মির্জাপুর থানার তেলিনা এলাকার বেলায়েত হোসেন (২৮)।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম ও বেলায়েত হোসেন উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকায় ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) রাতে পুলিশ মেদীআশুলাইয়ের মধ্যেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে।
এলাকাবাসীর অভিযোগ, আটক দুই যুবকের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
পরে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা হয়। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি :