নওগাঁর নিয়ামতপুরে কথা কাটাকাটির জেরে এক ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে নিয়ামতপুর সদরের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ভ্যানচালকের নাম মোঃ সাকিল। বাবার নাম মোঃ আশরাফুল ইসলাম। বাড়ি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে।
আর অভিযুক্তরা হলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের কুচপাড়া এলাকার উজ্জ্বল ও তার ছেলে প্রীতম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ভ্যান নিয়ে নিয়ামতপুর চারমাথা মোড়ে পৌঁছালে সামনে একটি ট্রাক থাকায় সাময়িকভাবে তার চলাচলে বাধা সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে থাকা প্রীতম ভ্যান সরিয়ে নেওয়ার জন্য তাগাদা দিতে থাকেন। সাকিল ট্রাকটি চলে গেলে ভ্যান সরিয়ে নেবেন বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে প্রীতম সাকিলকে মারধর শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরে প্রীতমের বাবা উজ্জ্বলসহ আরও কয়েকজন সেখানে এসে সাকিলকে মারধর করেন। এ সময় খড়ির চলা, লোহার রড দিয়ে সাকিলকে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়।
ছেলেকে মারধর করতে দেখে সাকিলের বাবা এগিয়ে এসে তাকে রক্ষা ও মারামারি থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত সাকিলকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাকিলের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল বলেন, উভয় পক্ষের মধ্যেই মারামারি হয়েছে। তিনি কাউকে মারধর করেননি। ঘটনার সময় ভ্যান চালক তাকে ধাক্কা দিলে তার ছেলে প্রীতম ভ্যানচালক সাকিলকে খড়ির চলা দিয়ে আঘাত করেছে বলে তিনি জানান।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সবুজ সরকার নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: