তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অভাবে বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যেই আবার চালু হয়েছে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল। স্পট মার্কেট থেকে কেনা ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)-এর একটি এলএনজিবাহী কার্গো নির্ধারিত সময়ের এক দিন আগেই দেশে পৌঁছানোর পর টার্মিনালে গ্যাস খালাস শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহও বাড়তে শুরু করেছে।
শনিবার (২২ আগস্ট) পেট্রোবাংলা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের পর এক্সিলারেটের টার্মিনালে সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যায়। ফলে ওই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গ্যাস সংকট আরও তীব্র হয়। তবে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ অব্যাহত ছিল।
এর আগে পেট্রোবাংলা জানিয়েছিল, এক্সিলারেটের টার্মিনালের জন্য পরবর্তী এলএনজি কার্গো রোববার দেশে পৌঁছাতে পারে। সে ক্ষেত্রে কার্গো আসার আগে আমদানি করা গ্যাসের সরবরাহে বড় ধরনের উন্নতির সম্ভাবনা ছিল না। তবে নির্ধারিত সময়ের এক দিন আগেই নতুন কার্গো পৌঁছানোয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে সামিটের টার্মিনালের জন্য আনা আরও একটি এলএনজি কার্গো দেশে পৌঁছেছে। এতে ওই টার্মিনালে এলএনজির মজুত বেড়েছে। তবে পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, সামিটের টার্মিনাল ইতোমধ্যে সর্বোচ্চ সক্ষমতায় দৈনিক প্রায় ৫৭ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। ফলে নতুন কার্গো আসার পরও তাৎক্ষণিকভাবে অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ নেই।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এলএনজি থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৫৭ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। একই সময়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ ছিল ১৬২ কোটি ৬০ লাখ ঘনফুট। সব মিলিয়ে ওই সময় দেশে গ্যাস সরবরাহ ছিল ২১৯ কোটি ৬০ লাখ ঘনফুট।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। সে হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় চাহিদার বিপরীতে সরবরাহ ছিল প্রায় ৫৭ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ ঘাটতি ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট।
দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সম্মিলিত দৈনিক সরবরাহ সক্ষমতা প্রায় ১১০ কোটি ঘনফুট। এর বিপরীতে বৃহস্পতিবার এলএনজি থেকে সরবরাহ ছিল সক্ষমতার প্রায় ৫২ শতাংশ। এক্সিলারেটের নতুন কার্গো থেকে সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক