নাটোরের বড়াইগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্যক্তির অশ্লীল ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে মো. রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গত ২৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানার গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মো. মামুনুর রশিদের ছেলে।
র্যাব জানায়, জুয়েলের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, তিনি ফেসবুকে বিভিন্ন পেজ খুলে পণ্য বিক্রির কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতেন।
অভিযোগ রয়েছে, গত ২০ আগস্ট বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে জুয়েল অন্য সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যোগাযোগ করেন। পরে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহৃত ছবি এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে অশ্লীল ছবি তৈরি করা হয়। এরপর ওই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৬০ হাজার টাকা দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী র্যাবের কাছে অভিযোগ করলে তদন্ত শুরু হয়। পরে ভাটারা থানায় মামলা নম্বর-৪১, তারিখ ২৩ আগস্ট ২০২৬, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২/২৫/২৭ ধারায় মামলা দায়ের করা হয়।
র্যাবের অভিযানে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি :