ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কাজ শুরু

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৫:৫০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৫:৫০:৩০ অপরাহ্ন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কাজ শুরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কাজ শুরু
উত্তরাঞ্চলের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম শুরু হয়েছে। মহাপরিকল্পনার মূল কাজ শুরুর আগে প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা নিরূপণে প্রায় ২৩ কোটি টাকার সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রস্তাবটি অনুমোদন হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

সরকারের প্রস্তাবিত মহাপরিকল্পনার আওতায় তিস্তার ১১০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার এবং প্রায় ১১০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও বাঁধের ওপর পাকা সড়ক তৈরির পাশাপাশি নদীশাসনের মাধ্যমে প্রায় ১৭০ বর্গকিলোমিটার নতুন জমি পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। উদ্ধার করা এসব জমি কৃষি ও শিল্প খাতে ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, সমন্বিত এই পরিকল্পনা নদী রক্ষার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও সেচব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। তাঁর মতে, প্রস্তাবিত ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও এর ওপর নির্মিত সড়ক উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ বলেন, নদীর পলি ব্যবস্থাপনা ও গতিপ্রকৃতি বিবেচনায় রেখে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা গেলে তা কার্যকর হতে পারে।

বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, উজান ও ভাটির পানিপ্রবাহ এবং প্রকল্পের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে মহাপরিকল্পনাটি দীর্ঘমেয়াদে সুফল দিতে পারে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সম্ভাব্যতা সমীক্ষাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমীক্ষার মাধ্যমে ব্যারেজ, নদীশাসন, ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণসহ বিভিন্ন কম্পোনেন্টের কারিগরি ও অর্থনৈতিক দিক মূল্যায়ন করা হবে।

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার বলেন, প্রস্তাবটি অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অনুমোদন পাওয়া গেলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় পরবর্তী ধাপের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সম্প্রতি জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর প্রকল্পটির প্রাথমিক কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তিস্তা নদীর ভাঙন ও পানিপ্রবাহের পরিবর্তনের কারণে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ দীর্ঘদিন ধরে বন্যা, নদীভাঙন ও শুষ্ক মৌসুমে পানির সংকটের মুখোমুখি হয়ে আসছেন। সংশ্লিষ্টদের আশা, মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে এসব এলাকার বন্যা ও নদীভাঙন ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে এবং পুনরুদ্ধার করা জমি কৃষি ও শিল্পে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

তবে মহাপরিকল্পনার দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে কারিগরি সম্ভাব্যতা, নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি, উজান-ভাটির পানিপ্রবাহ, পরিবেশগত প্রভাব এবং প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের