ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

প্রয়াত নানা পটেকর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বর্ষীয়ান অভিনেতার

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:২২:৩৭ অপরাহ্ন
প্রয়াত নানা পটেকর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বর্ষীয়ান অভিনেতার ফাইল ফটো
বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর প্রয়াত। বয়স হয়েছিল ৭৫ বছর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি।

বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা। তার পরেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। ভোর সওয়া ৫টা নাগাদ তড়িঘড়ি তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সং‌বাদসংস্থা এএনআই জানিয়েছে, তার আগে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ওই হাসপাতালেই নানার দেহের ময়নাতদন্ত হবে।

অভিনেতার পুত্র মালহার পটেকর জানিয়েছেন, বুকে ব্যথা অনুভব করার পরেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন নানা। তার পরেই চিকিৎসকদের একটি দল অভিনেতার গোয়ার বাড়িতে যায়। কিন্তু চিকিৎসকদের দল সেখানে পৌঁছে দেখে, সংজ্ঞা হারিয়েছেন নানা। একটানা সিপিআর দেওয়ার পরেও নানার সংজ্ঞা না-ফেরায় অভিনেতাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৫টা ২০ মিনিট নাগাদ নানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নানা পটেকরের। নানার আসল নাম বিশ্বনাথ পটেকর। তবে অভিনয়জীবনে নানা নামেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

১৯৭৮ সালে নীলকান্তি পটেকরকে বিয়ে করেন তিনি। অভিনয়ের জগতে আসার আগে নীলকান্তি একটি ব্যাঙ্কে কাজ করতেন, পাশাপাশি থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। থিয়েটারে কাজ করার সময়ই তাঁদের পরিচয়। পরে বিয়ে। নানার অভিনয়জীবনের শুরুর দিনগুলিতে তাঁর পাশে ছিলেন নীলকান্তি। তবে সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বহু বছর ধরে তাঁরা আলাদা থাকলেও তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি।

বিয়ের পরে তাঁদের প্রথম পুত্রসন্তান হয়। নাম দুর্বাসা। জন্ম থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিল সে। ২০২৪ সালের এক সাক্ষাৎকারে নানা নিজেই জানিয়েছিলেন, দুর্বাসার একটি চোখে সমস্যা ছিল এবং সে অন্যান্য শারীরিক সমস্যাতেও ভুগত। মাত্র আড়াই বছর বয়সে তার মৃত্যু হয়। ছেলেকে হারানোর সেই অভিজ্ঞতা নানা পটেকরের জীবনে গভীর ছাপ ফেলেছিল। পরে নিজের সেই সময়ের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেন, ছেলের অসুস্থতা নিয়ে মানুষের কী প্রতিক্রিয়া হবে— সেই চিন্তাই তখন তাঁকে বেশি তাড়িত করত। বহু বছর পর ফিরে তাকিয়ে সেই মনোভাব নিয়েও নিজের প্রতি কঠোর আত্মসমালোচনা করেছিলেন তিনি। পরে তাঁদের দ্বিতীয় পুত্র মালহার পটেকরের জন্ম হয়। বাবার মৃত্যুর খবর তিনিই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিনয়ের তীব্রতা, সংলাপ উচ্চারণের নিজস্ব ভঙ্গি এবং জটিল, গতানুগতিকতার বাইরে থাকা চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার দক্ষতাই তাঁকে স্বতন্ত্র অভিনেতার মর্যাদা দিয়েছিল। তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত এই অভিনেতার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তক ছাপ্পান’ এবং ‘যশবন্ত’।

মূলত হিন্দি এবং মরাঠী সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। কাজ করেছেন তামিল সিনেমাতেও। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানার অভিনয়জীবনের সূচনা হয়। চলচ্চিত্র এবং থিয়েটারে অভিনয়ে হাতেখড়ি হওয়ার আগে মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট-এ পড়াশোনা করেছিলেন নানা।

নানা পটেকরের অভিনয়ে শুধু যৌবনের দার্ঢ্য ছিল না, তাঁর অভিনয়ের নিজস্ব অভিধানে ছিল গলার স্বরের ওঠানামা, চোখের স্থির দৃষ্টি, শরীরী ভাষা এবং সংলাপ উচ্চারণের এক স্বতন্ত্র ছন্দ। সেই অভিনয়-ভাষাই কখনও চরিত্রকে করে তুলেছে ভয়ঙ্কর, কখনও অসহায়, কখনও আবার নিখাদ হাসির উৎস।

‘পরিন্দা’-য় অণ্ণা শেঠের চরিত্রে তাঁর অভিনয়ে হিংস্রতা ও মানসিক অস্থিরতার যে মিশ্রণ দেখা যায়, তা তাঁকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ারের সেরা সহ-অভিনেতার পুরস্কার। ‘ক্রান্তিবীর’-এ প্রতাপনারায়ণ টিলকের চরিত্রে তাঁর ক্রোধ, ক্ষোভ এবং প্রতিবাদের বিস্ফোরণ ফের তাঁকে দেয় জাতীয় স্তরে সেরা অভিনেতার শিরোপা। ‘অগ্নিসাক্ষী’-তে মানসিক ভাবে বিপজ্জনক এক স্বামীর চরিত্রে তাঁর অভিনয় আবার জাতীয় স্বীকৃতি পায়। নানার চরিত্রটি ছিল এক আসক্ত এবং নির্যাতনপ্রবণ স্বামীর, যে স্ত্রীকে নিয়ে ভয়ঙ্কর রকমের অধিকারবোধে আক্রান্ত।

কিন্তু নানার অভিনয় যে শুধু ক্রোধ ও অন্ধকারে আটকে নেই, তার প্রমাণ ‘খামোশি: দ্য মিউজ়িক্যাল’। শ্রবণ ও বাক্‌শক্তিহীন মেয়ের বাবার চরিত্রে সংলাপের চেয়ে মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষাই হয়ে ওঠে তাঁর প্রধান অস্ত্র। ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’-এ নানার অভিনয় মনে রাখার মতো। ওই ছবিতে মেজর ভিএস চহ্বাণের ভূমিকায় অভিনয় করেছিলেন নানা। ছবিটি তিনি পরিচালনাও করেছিলেন। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তিনি মরাঠা লাইট ইনফ্যান্ট্রির শারীরিক প্রশিক্ষণ নিয়েছিলেন।

‘অব তক ছাপ্পান’-এর সদু আগাশে এবং ‘ওয়েলকাম’-এর উদয় শেট্টী—দুই সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্রেও তিনি সমান স্বচ্ছন্দ। আর ‘নটসম্রাট’-এ গণপত বেলভালকরের ভূমিকায় এসে নানা পটেকর যেন নিজের অভিনয়ক্ষমতার শেষ সীমানাটাই ছুঁয়ে ফেলেন। এখানে তাঁর শক্তি সংলাপের উচ্চারণে নয়, বরং সংলাপের পরের নীরবতায়। অহঙ্কার যখন ধীরে ধীরে অসহায়তায় বদলে যায়, স্মৃতি যখন বর্তমানকে গ্রাস করে, তখন তাঁর মুখটাই হয়ে ওঠে চরিত্রের মঞ্চ। এই কারণেই নানা পটেকরকে কেবল ‘দাপুটে অভিনেতা’ বলে দাগিয়ে দেওয়া যায় না। ভারতীয় মূলধারার সিনেমায় তিনি এমন এক বিরল অভিনেতা, যিনি কোনও চরিত্রের ভূমিকায় অভিনয় করেন না—প্রায়শই চরিত্রের অস্বস্তি, ক্ষত আর ক্রোধকে নিজের শরীরের ভিতর দিয়ে দর্শকের সামনে দৃশ্যমান করে তোলেন।

চলতি বছরেই মুক্তি পাওয়া ‘সুবেদার’ সিনেমায় অনিল কপূরের সঙ্গে দেখা গিয়েছিল নানাকে। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজের ‘ও রোমিয়ো’ সিনেমাতেও অভিনয় করেন বর্ষীয়ান এই অভিনেতা। ২০১৩ সালে নানাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০