নোয়াখালীর হাতিয়ায় চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে বিচারিক আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত সোহরাব উদ্দিন হাতিয়ার চরকৈলাশ এলাকার বাসিন্দা। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাতিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান সোহরাব। সেখানে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার পর একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহরাবকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা তাঁর জানা নেই।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি :