চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রাম। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মস্তাননগর এলাকার নাহার ফিড মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় এসআরবি-৭-এর একটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা জানতে পারেন, কয়েকজন মাদক কারবারি যাত্রীবেশে নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী নীলাচল পরিবহনের একটি বাসে করে মাদক নিয়ে যাচ্ছেন। পরে বাসটি চেকপোস্টের কাছে পৌঁছালে দুই যাত্রী তাঁদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দলের সদস্যরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন মো. আমিন (৩৭), পিতা মৃত নুরুল হাসান এবং দ্বীন মোহাম্মদ (২৭), পিতা মৃত সুলতান। তাঁরা দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা।
পরবর্তীতে তাঁদের হেফাজতে থাকা কাঁধব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাঁদের চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি :