চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। আটককৃতরা হলেন আনোয়ারা বেগম (৪৮) ও মোতাহার হোসেন (১৯)। তারা সম্পর্কে মা ও ছেলে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে বারইয়ারহাট বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি বারইয়ারহাট বাজার থেকে গাঁজাসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছে। এরই পরিপ্রেক্ষিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক যুবক দুটি কাঁধব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দলের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে আটককৃতদের সঙ্গে থাকা দুটি কাঁধব্যাগ তল্লাশি করে তিনটি বান্ডিলে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেনী ও চট্টগ্রাম জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানায়।
আটককৃত দুই অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি :