দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এক সিরিজের জন্য ৫২ বছর বয়সী বেনকেনস্টেইনকে নিয়োগ দিয়েছে বিসিবি।
খেলোয়াড়ি জীবনে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন বেনকেনস্টেইন। দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন ২৩টি ওয়ানডে ম্যাচ। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন বেনকেনস্টেইন। পাশাপাশি ইংলিশ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এবার দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে নতুন করে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেলেন ডেল বেনকেনস্টেইন।
ক্রীড়া ডেস্ক