তামান্নার ভাষ্য অনুযায়ী, অভিনয়জীবনের শুরুর দিকে একটি দক্ষিণী ছবিতে কাজ করার সময় একটি দৃশ্য নিয়ে আপত্তি জানান তিনি। দৃশ্যটি করতে স্বচ্ছন্দ বোধ না করায় নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেন। কিন্তু তাঁর আপত্তি মেনে নেওয়ার পরিবর্তে ছবির এক জনপ্রিয় অভিনেতা ক্ষুব্ধ হয়ে নায়িকা পরিবর্তনের কথা বলেন। অভিনেত্রীর সামনেই তিনি মন্তব্য করেন, ‘নায়িকা বদলে দাও।’
এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান তামান্না। তবে ঘটনার পরদিন ওই অভিনেতাই ব্যক্তিগতভাবে তাঁর কাছে ক্ষমা চান। নিজের আচরণের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, সেদিন রাগ ও বিরক্তির বশে এমন কথা বলা তাঁর ঠিক হয়নি।
তবে ওই অভিনেতার নাম কিংবা ছবির পরিচয় প্রকাশ করেননি তামান্না। ফলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও কারও নাম জড়িয়ে অনুমান করতে চাননি অভিনেত্রী।
সাক্ষাৎকারে তামান্না বলেন, কর্মক্ষেত্রে নিজের অস্বস্তি বা আপত্তির কথা জানানো মানেই সংঘাতে জড়ানো নয়। কেউ রাগের মাথায় অপমানজনক কথা বললেও তার জবাবে একইভাবে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। অন্যের আচরণের দায় নিজের ওপর নেওয়া কিংবা আত্মসম্মান বিসর্জন দেওয়ারও কোনো কারণ নেই।
তামান্না আরও জানান, সেদিন নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য তাঁর কোনো আফসোস নেই। বরং নিজের অবস্থানে দৃঢ় থাকতে পেরে তিনি গর্বিত। তাঁর মতে, ভয় পেয়ে আপত্তি থেকে সরে এলে নিজের আত্মবিশ্বাসই ক্ষতিগ্রস্ত হতে পারত।
উল্লেখ্য, ২০০৫ সালে হিন্দি ছবি চাঁদ সা রোশন চেহরা দিয়ে অভিনয়জীবন শুরু করেন তামান্না। পরে তেলুগু ও তামিল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দক্ষিণী সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বাহুবলী, ১০০% লাভ’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।
তামান্নার পুরনো এই অভিজ্ঞতা নতুন করে সামনে আসায় চলচ্চিত্রজগতে কর্মপরিবেশ, ক্ষমতার প্রভাব এবং শিল্পীদের ব্যক্তিগত সীমারেখার প্রতি সম্মান জানানোর বিষয়গুলোও আলোচনায় এসেছে।
বিনোদন ডেস্ক