সংরক্ষণের অভাবে ফসল নষ্ট হওয়া ও কম দামে বিক্রির দুর্ভোগ কমাতে নাটোরের নলডাঙ্গা উপজেলায় নির্মাণ করা হয়েছে ‘ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ’। ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ সংরক্ষণাগারে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মশলা ও মৌসুমি ফল সংরক্ষণ করা যাবে। এতে উৎপাদিত ফসল উপযুক্ত সময়ে বিক্রির মাধ্যমে ন্যায্যমূল্য পাওয়ার আশা করছেন স্থানীয় কৃষকেরা।
গত রোববার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে সংরক্ষণাগারটির উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনেই গ্রামের ৩০ জন প্রান্তিক কৃষক তাদের উৎপাদিত টমেটো, গাজর, বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা ও কাঁচামরিচসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য সেখানে রেখেছেন।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক কুলিং ব্যবস্থা ও স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি রয়েছে। ফসলের ধরন অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পচনশীল সবজি ও ফল সাধারণত ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব হবে। পাশাপাশি বিভিন্ন ফসলের মানসম্মত বীজ সংরক্ষণেও এটি ব্যবহার করা যাবে।
সংরক্ষণাগারের নির্ধারিত তালিকা অনুযায়ী, ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টমেটো ২০ থেকে ৩০ দিন সংরক্ষণ করা যাবে। ক্যাপসিকাম ৭ থেকে ১০ ডিগ্রি এবং কাঁচামরিচ ৭ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় একই সময় রাখা সম্ভব। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রায় ফুলকপি ১৫ থেকে ২০ দিন সংরক্ষণ করা যাবে। আলু, পেঁপে, হলুদসহ অন্তত ৩০ ধরনের সবজি ও মশলাজাতীয় ফসল রাখার সুযোগ রয়েছে এতে।
একসময় সংরক্ষণের অভাবে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়েছিলেন স্থানীয় কৃষক মাহাতাব উদ্দিন। পাঁচ বছর আগে সাত বিঘা জমির আলু ও তিন বিঘা জমির সবজি পচে নষ্ট হয়ে যায় তার। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়ে পরের বছর আর আবাদ করতে পারেননি তিনি।
মাহাতাব উদ্দিন বলেন, আগে ফসল সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। স্থানীয় পদ্ধতিতে রাখতে গিয়ে অনেক সময় ফসল পচে যেত। আবার বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হতো। নতুন সংরক্ষণাগার চালু হওয়ায় এখন ফসল নষ্ট হওয়ার ভয় কমবে। ভালো দাম পাওয়ার আশায় উপযুক্ত সময় পর্যন্ত ফসল রাখা সম্ভব হবে।
কৃষক আবেদ আলী, আফসার হোসেন ও মনিরুদ্দিনসহ অন্য কৃষকেরাও উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, নলডাঙ্গার বিলাঞ্চলে বিভিন্ন ধরনের ডাল, রসুন, পেঁয়াজ ও মশলাজাতীয় ফসলের পাশাপাশি শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়। কিন্তু এতদিন সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৌসুমে অতিরিক্ত সরবরাহের সময় কম দামে ফসল বিক্রি করতে হতো। নতুন এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকেরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই সংরক্ষণাগারটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে কৃষকেরা সেখানে ফসল মজুত করতে শুরু করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষকদের আর্থিক স্বার্থ বিবেচনায় নিয়ে নাটোরের বিভিন্ন এলাকায় আরও একাধিক সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিনিধি :