রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৩৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৩৩:২১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে প্রশিক্ষণের সময় প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন হযরত আলী সরদার (৩৫) নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালক।

শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হযরত আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে যাওয়ার কারণে হযরত আলী হাঁটতে পারছেন না। সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়েছে। তবে এখনই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক কথা বলতে অস্বীকৃতি জানান।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন পর ঢাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার জন্য বর্তমানে কর্মীদের যাচাই-বাছাই চলছে। এর অংশ হিসেবে রাজশাহীতে দ্রুত সময়ে মইয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। হযরত আলী গাড়িচালক হলেও কর্মকর্তারা তাকে মইয়ে ওঠার নির্দেশ দেন। দ্রুত ওপরে ওঠার সময় প্রায় ৩০ ফুট উচ্চতা থেকে তিনি হঠাৎ নিচে পড়ে যান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর উপপরিচালক মনজিল হক জানান, তিনি বাইরে থাকায় ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে তিনি সহকারী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, প্র্যাকটিসের সময় হযরত পড়ে আহত হয়েছেন। গাড়িচালক হয়েও তিনি প্রতিযোগিতায় অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাকরি করলে সবই করতে হবে।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]