রাজশাহী কলেজে ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:০৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:০৭:৫৫ অপরাহ্ন
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীতে আড়াই লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে। সিটি করপোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এ উদ্যোগে অংশগ্রহণ করছে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং শিগগিরই ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমও শুরু হবে| এ সময় তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]