কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৩৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৩৬:১৭ অপরাহ্ন
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বোটানিক্যাল গার্ডেনের সামনে ভাঙা সেতুর আগে জলিল কাদের সওদাগরের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী একটি অটোরিকশা (রেজি. নং- কক্সবাজার-থ-১১-৬৭৩৫) বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের (রেজি. নং- ঢাকা মেট্রো-উ-১১-৭৪২১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে রুবিনা ও শাহিনা কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]