রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১০:০৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১০:০৫:১৪ অপরাহ্ন
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলা মাঠ তৈরি, সড়ক নেটওয়ার্ক প্রশস্তকরণ সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হতে চাই। এ সময় রাসিক প্রশাসক শ্রমিকদের কল্যানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ইমারত নির্মাণ শ্রমিকেরা দেশের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। আপনাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে আমাদের বহুতল ভবন ও আধুনিক নগর। তাদের কল্যানে মহতি উদ্যোগ গ্রহণ করায় আমি ইনসাব, রাজশাহী জেলা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মর্যাদাপূর্ণ শ্রমবান্ধব সমাজ গঠনে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মুকুল। সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

উল্লেখ্য, মৃত্যুজনিত কারণে ইনসাবের সদস্য এক শ্রমিক পরিবারকে সাড়ে ৪ লাখ টাকা অনুদান এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে আরেক সদস্যকে ২০ হাজার টাকা অনুদান ইনসবারের কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]