মহেশখালীর এফএসআরইউ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ৮০০ মিলিয়ন ঘনফুট

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:০৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:০৬:২৬ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ বেড়ে দৈনিক ৮০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। বুধবার সন্ধ্যা থেকে অতিরিক্ত ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মো. নাছির উদ্দীন।

তিনি জানান, বর্তমানে এফএসআরইউ থেকে জাতীয় গ্রিডে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত কাজ আগামী কয়েক দিনের মধ্যে সম্পন্ন হলে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে।

এর আগে, গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির পরিচালিত এফএসআরইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে আমদানিকৃত এলএনজি থেকে জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে অর্ধেকে নেমে আসে।

আরপিজিসিএল সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে মহেশখালীর এফএসআরইউ থেকে দৈনিক ৯৫০ থেকে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। মেরামত কাজ শেষ হলে আগের মতো পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]