১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৬:৩৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৬:৩৬:৫৮ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ, হত্যাচেষ্টা, যৌতুক দাবি ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার ১৭ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার রাজশাহী মহানগরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিভাবক মো. আব্দুল হাকিম অভিযোগ করেন, রাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ এনামুল হক দীর্ঘদিন ধরে তার স্ত্রী নূরজাহান সুলতানা রেনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। তার দাবি, প্রায় ১৪০ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করার পাশাপাশি এক কোটি টাকা যৌতুকের দাবিতে একাধিকবার হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৪ জুলাই রাতে অভিযুক্ত শিক্ষক ৭–৮ জন সহযোগীকে সঙ্গে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে কাজলা অক্ট্রয় মোড় এলাকার ইলিন ভিলা নামের একটি ভাড়া বাসা থেকে জোরপূর্বক তার স্ত্রীকে তুলে নিয়ে যান এবং অজ্ঞাত স্থানে আটকে রাখেন। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনার প্রতিবাদ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মতিহার থানায় ১৯ জুলাই ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৬৪/৩৪ ধারায় মামলা (নং-১৪) দায়ের করা হয়। তবে এখনো অভিযুক্তকে গ্রেফতার না করায় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন মামলার বাদী। তিনি তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকারের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ এনে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মোঃ এনামুল হক বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কী আছে? মামলা হয়েছে, থানা ও আদালত বিষয়টি দেখবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।” বিস্তারিত বক্তব্যের জন্য সরাসরি যোগাযোগের পরামর্শ দিয়ে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকার বলেন, “মামলার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরজুন জানান, তিনি ১ আগস্ট থানায় যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত নন উল্লেখ করে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]