রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০১:৩৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০১:৩৫:০১ পূর্বাহ্ন
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) চলমান উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অবহেলা বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। প্রকৌশলী, ঠিকাদার ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে প্রকৌশল বিভাগের আওতাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরীকে আরও সুন্দর এবং নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। একই সঙ্গে প্রতিটি প্রকল্পে গুণগত মান বজায় রেখে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

সভায় প্রকৌশল বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা, কাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উন্নয়নকাজের সার্বিক তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]