মরক্কো সফর বাতিল বার্সেলোনার, প্রাক-মৌসুম প্রস্তুতিতে ফের ধাক্কা

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৪:২৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৪:২৩:৩৩ অপরাহ্ন

প্রাক-মৌসুম প্রস্তুতিতে আবারও বড় বাধার মুখে পড়েছে বার্সেলোনা। ইংল্যান্ডের পর এবার মরক্কো সফরও বাতিল করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দেশটির চলমান অভিবাসন সংকটের কারণে নির্ধারিত প্রীতি ম্যাচ আয়োজনের পরিবেশ অনুকূল নয় বলে জানিয়েছে ক্লাবটি।

আগামী ১৫ আগস্ট মরক্কোর ক্লাব আইআর তাঞ্জিয়ারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনার। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় কাতালান ক্লাব।

সম্প্রতি মরক্কো থেকে বিপুলসংখ্যক মানুষ সেউতা সীমান্ত দিয়ে স্পেনে প্রবেশ করায় ওই এলাকায় অভিবাসন সংকট তৈরি হয়েছে। সেউতা উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের একটি ছিটমহল। পরে অভিবাসীদের বড় একটি অংশ মরক্কোতে ফিরে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বার্সেলোনা এক বিবৃতিতে বলেছে, “বর্তমান অনিশ্চিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই মুহূর্তে ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ অনুকূল নয়।”

এর আগে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্প চলাকালে ৩ আগস্ট প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষেও একটি ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনার। পর্যাপ্তসংখ্যক মূল দলের খেলোয়াড় প্রস্তুত না থাকায় ম্যাচটি বাতিল করে প্রেস্টন। পরে নিজেদের খেলোয়াড়দের দুই দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ আয়োজন করে বার্সেলোনা। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে একের পর এক ম্যাচ বাতিল হলেও এখন নতুন লা লিগা মৌসুমের দিকেই তাকিয়ে বার্সেলোনা। আগামী ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কাতালান ক্লাবটি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]