মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৩৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৩৩:৪২ অপরাহ্ন
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীর মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। একটি চারা, একটি স্বপ্ন-বাংলাদেশ হবে সবুজে আচ্ছন্ন প্রতিপাদ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মতিহার থানা উত্তর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর রশীদ মামুনের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মামুন-অর রশীদ মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণকে গণআন্দোলনে রূপ দিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সফল করতে ঘরে ঘরে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন আক্তার সাঈদ, মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এস রানা, মতিহার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম, ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ইয়ার মাহমুদ নিটুল এবং মতিহার থানা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈমুর রহমান দুর্জয়।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]