আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। তাঁর দাবি, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছেন।
তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপরই নির্ভর করছে। মির্জা ফখরুলের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার বিষয়ে তারা এখনো দলীয়ভাবে কোনো নিশ্চিত তথ্য পাননি।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করতে পারে।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি দলীয় সূত্রের তথ্য হিসেবেই রয়েছে।