শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৪:৪৯ অপরাহ্ন
শুটিং করতে গিয়ে আচমকাই বিপত্তি। শট দেওয়ার সময়ে নাকের নথ খুলে মুখে ঢুকে গেল অভিনেত্রী শাহনাজ় গিলের। শুধু তা-ই নয়, মনে করা হচ্ছে, সেটি গিলেও ফেলেছেন তিনি। ঘটনার ভিডিয়ো নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী-গায়িকা।

‘বিগ বস্‌ ১৩’-এর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন শাহনাজ়। পরে অভিনয়ের পাশাপাশি গানেও নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। এ বার শুটিংয়ের সেটেই অপ্রত্যাশিত বিপদের মুখে পড়লেন তিনি। সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দৌড়ে শট দেওয়ার সময়ে আচমকাই তাঁর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন শাহনাজ়। সেখানে দেখেই মনে করা হচ্ছে যে, নথটি তিনি গিলেও ফেলেছেন।

পরিস্থিতি সামলাতে তখন এগিয়ে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেবা। শাহনাজ়কে সাহায্য করতে তাঁর পিঠে চাপড় দিতে দেখা যায় সৌরভকে। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় স্বাভাবিক ভাবেই কিছুটা অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। অনেক সময়েই গলায় কিছু আটকে গেলে, পিঠে সজোরে চাপড় দিয়ে তা বের করে আনার পদ্ধতি অত্যন্ত পরিচিত। অভিনেত্রীকে সাহায্য করতে সেই পথই বেছে নেন সহ-অভিনেতা।

শাহনাজ়ের এমন অবস্থা দেখে অনুরাগীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। তবে বিপত্তি সত্ত্বেও কাজ থামিয়ে দেননি অভিনেত্রী। বরং পেশাদার দায়বদ্ধতা বজায় রেখে শুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরে শাহনাজ়ের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন তাঁর অনুরাগীদের একাংশ। একই সঙ্গে তাঁকে আরও সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তাঁরা।

একজন লিখেছেন, ‘‘তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। কিন্তু দয়া করে নিজের খেয়াল রেখো। তুমি খুব মূল্যবান।’’ আর এক অনুরাগীর মন্তব্য, ‘‘কোনও চরিত্রের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলো না, সানা। তুমি আমাদের কাছে খুবই মূল্যবান।’’ অন্য এক অনুরাগী আবার শাহনাজের কাজের প্রতি ভালবাসার প্রশংসা করে লিখেছেন, ‘‘এই ঘটনা থেকেই বোঝা যায়, তুমি নিজের কাজের প্রতি কতটা আন্তরিক। তবে নিজের যত্ন নাও।’’

কাজের দিক থেকে শাহনাজ়কে শেষ দেখা গিয়েছে পঞ্জাবি ছবি ‘ইশকনামা’-তে। ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘সিং ভার্সেস কৌর ২’ এবং ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির কাজ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]