কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:৩৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:৩৫:২৮ অপরাহ্ন

 চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষে তল্লাশি চালানো হয়। পরে হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসকের বসবাসের কক্ষ থেকে চার পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযান শেষে চিকিৎসককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত এবং তিনি নিজে মাদক সেবন করেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসবাসের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো চিকিৎসক যাতে সম্পৃক্ত না হন এবং সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ অধিদপ্তরের অন্যান্য সদস্য।

এ ঘটনায় গ্রেপ্তার চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীর বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ এনেস্থেসিয়া প্রদান, যৌন হয়রানি, ইভটিজিং ও অপপ্রচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পৃথকভাবে কোনো আদালতের সিদ্ধান্ত বা সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]