চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন হোটেল-মোটেল জোন এলাকার বাগান বাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২২(১০)০৯-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হক কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াবুল হক চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম রহমত উল্ল্যাহ।
র্যাবের তথ্য অনুযায়ী, বায়েজিদ বোস্তামী থানার মামলাটিতে তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২ ধারায় মামলা রয়েছে এবং তিনি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।