ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত!

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৩৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৩৯:৪৮ অপরাহ্ন
ইদ মানেই সালমান খান। হিন্দি ছবির দর্শকের কাছে গত দেড় দশকেরও বেশি সময় ধরে এই সমীকরণ প্রায় অভ্যাসে পরিণত হয়েছিল। সেই চেনা ছন্দেই ফিরতে চলেছেন ভাইজান। কিন্তু এ বার তাঁর সামনে শুধু কোনও বলিউড তারকা নন, রয়েছেন দক্ষিণী ছবির অন্যতম বড় নাম প্রভাস। ২০২৭-এর ইদ তাই হয়ে উঠতে পারে দুই তারকার বক্সঅফিস লড়াইয়ের মঞ্চ।

সালমানের নতুন ছবির পরিচালক বামশী পৈডিপল্লী। দিল রাজুর প্রযোজনায় তৈরি এই ছবির আপাতত নাম ‘এসভি৬৩’। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে লক্ষ্য আগামী বছরের ইদ, জল্পনা তেমনই। আর সেখানেই তৈরি হয়েছে সংঘাতের সূত্র।

কারণ, প্রভাসের ‘স্পিরিট’ ছবিটি মুক্তির দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে। ২০২৭ সালের ৫ মার্চ মুক্তি পাওয়ার কথা এই ছবি। এর মধ্যেই ছড়িয়ে পড়েছিল একটি খবর—সালমানের ছবির সঙ্গে সংঘাত এড়াতে ‘স্পিরিট’ নাকি পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ ইদের মাঠ ছেড়ে অন্য কোনও তারিখ বেছে নিতে চলেছে প্রভাসের ছবি। কিন্তু সেই জল্পনায় আপাতত ইতি টেনেছে টি-সিরিজ়। প্রযোজনা সংস্থার দাবি, ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ বদলাচ্ছে না। নির্ধারিত সূচি মেনেই ৫ মার্চ ২০২৭ সালে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কেও। তবে ছবির গল্প নিয়ে নির্মাতারা এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আনেননি।

অন্য দিকে, ইদের সঙ্গে সালমানের সম্পর্ক দীর্ঘ দিনের। ‘ওয়ান্টেড’, ‘দবাং’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গী ভাঈজান’-এর মতো একাধিক ছবির সাফল্য এই উৎসবের সঙ্গে তাঁর নামকে আরও শক্ত করে জুড়ে দিয়েছে।

তবে সালমানের ছবি ইদে আসবে কি না, এখনও সেই উত্তর অজানা। সালমানের ছবির নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা হয়নি। ফলে সংঘাতের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই শেষমুহূর্তে কোনও একটি ছবি তারিখ বদলাতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]