রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:৩৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:৩৩:১৬ অপরাহ্ন
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাজশাহীতে ভলিবল খেলার পুনরুজ্জীবনের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট। আগামী ২১ থেকে ২৭ নভেম্বর টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এসব তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, এবারের টুর্নামেন্টে পুরুষ বিভাগে দেশের সেরা দলগুলো অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, ঢাকা প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দল এবং রাজশাহী বিভাগ লীগের চ্যাম্পিয়ন দল থাকবে। পাশাপাশি নারী ভলিবলের উন্নয়নে রাজশাহী জেলা নারী ভলিবল দল ও বাংলাদেশ চ্যাম্পিয়ন পুলিশ নারী ভলিবল দলের মধ্যে একটি বিশেষ ম্যাচ আয়োজন করা হবে।

তিনি জানান, রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে প্রাথমিকভাবে টুর্নামেন্টের খেলাগুলো আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ক্রীড়ামুখী সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীতে ভলিবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি দক্ষ টেকনিক্যাল কমিটি ও অর্থ কমিটি গঠন করা হবে। আয়োজকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, টুর্নামেন্টে সম্ভাব্য ব্যয় হবে ১২ থেকে ১৪ লাখ টাকা। এ অর্থ নিজেদের তহবিল ও কর্পোরেট স্পন্সরের মাধ্যমে সংগ্রহ করা হবে। সাধারণ মানুষের কাছ থেকে কোনো ধরনের চাঁদা বা অনুদান নেওয়া হবে না বলে সভায় জানানো হয়।

প্রস্তুতি সভায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, কোচ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]