​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়?

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৩৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৩৮:০০ অপরাহ্ন
আজ ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী দিবস। দীর্ঘ ২০ বছল আগে আজকের দিনে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে তৎকালীন বিডিআরের গুলিতে গুলিবিদ্ধ হয়ে চিরতলে পঙ্গুত্ব বরণ করেছেন ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামের রিকশাভ্যান চালক বাবলু রায় (৫৬)।

গুলিবিদ্ধ বাবলু রায়ের শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে, হারিয়ে গেছে তার কর্মক্ষমতা। স্ত্রীসহ ৩ সন্তান নিয়ে ভবিষ্যৎ ভাবনায় দিন কাটে বিছানায় শুয়ে শুয়ে। ইতোমধ্যে শরীরে ধরেছে নানাবিধ জটিল রোগ। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। হাটাচলা করতে না পারায় বিছানাই এখন ২৪ ঘন্টার নিত্য সঙ্গী হয়ে গেছে বাবলু রায়ের।

২০০৬ সালের ২৬ আগস্টের স্মৃতির কথা বলতে গিয়ে বাবলু রায় বলেন, ‘প্রতিদিনের মতো সেদিন আর রিকশাভ্যান বের করেননি। সকালে বাড়ী থেকে খাবার খেয়ে তেল-গ্যাস জাতীয় কমিটির ডাকা এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে বের হন। তখন তার স্ত্রী ৬ মাসের অন্তঃস্বত্ত্বা। ফুলবাড়ী’ ঢাকা মোড় থেকে খনি বিরোধী মিছিলে বাবলু রায় অংশ নেন। মিছিলটি ছোট যমুনা নদীর সেতু পার হয়ে পশ্চিম পাশে যেতেই বিডিআর বিনা কারণে পুলিশ ও বিডিআর আন্দোলনকারিদের ওপর ব্যাপক লাঠিচার্জ করার এক পর্যায়ে বিডিআর গুলি চালায়। লোকজন দিদ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় বাবলু রায় তার পিঠে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর আর কিছু বলতে না পারলেও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বেডে নিজেকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে রংপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, পিজি হাসপাতাল, ক্রমা সেন্টার ও গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ ১১মাস চিকিৎসা শেষে হুইল চেয়ারে বাড়ী ফেরেন। বর্তমানে তিনি দীর্ঘ ২৭ মাস ধরে অসুস্থ’ হয়ে বিছানায় পড়ে আছেন। কোমরে ঘা হয়েছে। প্রতিদিন স্ত্রী সেই ঘাগুলো ধুয়ে দিয়েছেন। বর্তমানে একবারেই শয্যাশায়ী হয়ে গেছেন। বিছানাই এখন তার নিত্য সঙ্গী। নিজে আয়-রোজগার করতে না পারায় তার দুইছেলে রাজমিস্ত্রি জোগারীর কাজ করে যা আয় হয় তা দিয়ে অনেক কষ্টের মধ্যে পরিবার চলছে।

তিনি বলেন, আন্দোলনকারীরা মাঝেমধ্যে খোঁজখবর নেন এবং সাধ্যমত সাহায্যও করেন। তবে তেল গ্যাস জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদ স্যার সবচেয়ে বেশি খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দিয়ে থাকেন। প্রতিবারে ২৬ আগস্টে হুইল চেয়ারে ভর করে মিছিলে যোগ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেও গত ২০২১ সাল থেকে সেটি আর পারছেন না। কারণ শরীর একেবারেই চলছে না। তবে বিছানা থেকেই শ্রদ্ধা জানাবেন শহীদদেরকে। ফুলবাড়ী কয়লাখনি থেকে এক টুকরো কয়লা যেন কোন বহুজাতিক কোম্পানী লুটে নিয়ে যেতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান এই পঙ্গুত্ববরণকারী বাবলু রায়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]