তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৫১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৫১:৪৪ অপরাহ্ন
অ্যাম্বুলেন্স চালক শফিকুল ইসলামকে মারধর ও হয়রানির ঘটনার বিচার, রোগী পরিবহনে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং হাসপাতালে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঠাকুরগাঁওয়ের বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা। দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দাবিসংবলিত ব্যানার হাতে নিয়ে অ্যাম্বুলেন্স চালকেরা বিক্ষোভ করেন। পরে তারা নিজ নিজ অ্যাম্বুলেন্স নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন। সেখানে সমিতির নেতারা জেলা প্রশাসকের কাছে তাদের তিন দফা দাবি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দেন।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্স চালক শফিকুল ইসলামকে মারধর ও হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার, রোগী পরিবহনের ক্ষেত্রে দালালি ও হয়রানি বন্ধ এবং হাসপাতালে রোগী সেবার জন্য সমিতির চারটি অ্যাম্বুলেন্সের নির্দিষ্ট ব্যবস্থা করা। অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, ঠাকুরগাঁও সদর হাসপাতালের ভেতরে কিছু বহিরাগত অ্যাম্বুলেন্স চালক অবস্থান করে রোগী পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন। এতে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকেরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে শফিকুল ইসলামসহ কয়েকজন চালক হয়রানি ও অসদাচরণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

চালকেরা বলেন, জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। অ্যাম্বুলেন্স সেবা একটি জরুরি ও মানবিক সেবা হওয়ায় দায়িত্ব পালনের সময় চালকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের হয়রানি এবং দালালদের তৎপরতা বন্ধ করে একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের আরও দাবি, হাসপাতালে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হলে রোগী পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং জরুরি সময়ে রোগীরা আরও দ্রুত ও নিরাপদ সেবা পাবেন।

এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে জরুরি রোগী পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি সুধীর দত্ত, সাধারণ সম্পাদক মামুন হোসেন মামুন, সহসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম পঞ্চ, কোষাধ্যক্ষ বাবুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে অ্যাম্বুলেন্স চালকেরা বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]