রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৬:০৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৬:০৬:২১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার থেকে  রাত ১২টা পর্যন্ত নগরীর রাজপাড়া, চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মোঃ স্বপন শাহর ছেলে মোঃ সোহান ইসলাম ওরফে নিশান (২৬), একই এলাকার মোঃ কালামের ছেলে মোঃ অন্তু (২৩) ও চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন রানা (৩০)।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা দিলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে ভীত হয়ে বাদী ঘটনাস্থল ত্যাগ করেন। 

পুলিশের ভাষ্য, ওই ঘটনার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে ব্যানারসহ ঝটিকা মিছিল, প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় এজাহারভুক্ত ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]