পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৪:৩০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৪:৩০:১৩ অপরাহ্ন
অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের আইনসম্মত ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশ বলেছে, ১৯৬৭-পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অধিকার।

এছাড়া ফিলিস্তিনি রাষ্ট্রসত্তাকে ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়েছে, তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তার আইনসম্মত আকাঙ্ক্ষাকে সমর্থন করতে ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]