আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৬:৪০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৬:৪০:১৭ অপরাহ্ন
নওগাঁর আত্রাইয়ে সারাদেশের ন্যায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না, জনগণকেও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, স্কাউটসহ সর্বস্তরের মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। ডেঙ্গুমুক্ত দেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউট সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান সফল করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে ইউএনও মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। তারা উপজেলা চত্বরের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।

তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]