রাজশাহীতে নাগরিকের গোপন তথ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২৯:১৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে নাগরিকদের গোপনীয় তথ্য এবং মোবাইল সিম, এনআইডি, মোবাইল ব্যাংকিং ও কল ডিটেইলস-সংক্রান্ত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও সরবরাহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান এলাকার বড় দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৫-এর সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার সেতু হোসেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্যভান্ডারে বেআইনিভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতেন। পরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, বিভিন্ন মোবাইল সিমের নিবন্ধনসংক্রান্ত তথ্য, বিকাশ-নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নিবন্ধন তথ্য, সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এসএমএস-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করার অভিযোগ রয়েছে।

অভিযানে তার কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ৩১টি সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে নির্ধারিত হবে।

গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com