জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:০৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:০৯:৩৩ অপরাহ্ন
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে দেশটির রাজধানী টোকিওসহ কান্তো অঞ্চল ও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার তীব্র ঝুঁকি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, টাইফুনটি সরাসরি টোকিও মহানগরীর ওপর দিয়ে বা তার খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানকার সার্বিক আবহাওয়ার পরিস্থিতি আরও আশঙ্কাজনক মোড় নিতে পারে।

ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় অঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু করে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বহুগুণ বাড়তে পারে।

টাইফুনের প্রভাবে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ায় খেলোয়াড় ও পশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই আয়োজক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ বা একটানা মুষলধারে বৃষ্টি ঘটানো শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে। এর ফলে অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টি জমে পাহাড়ি ঢল ও ভূমিধস ঘটাতে পারে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় অধিবাসীদের আগাম সতর্ক থাকতে এবং প্রশাসনিক নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]