সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:১৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:১৬:৪১ অপরাহ্ন
রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনায় আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে উদ্ধার হয়েছে ৩১ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও চোরাই স্বর্ণ-রুপা বিক্রির ২৫ লাখ টাকা। ঘটনায় চুরিতে জড়িত থাকার অভিযোগে সাতজন এবং চোরাই মাল কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, গত ১৯ জুন ভোরে কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী ১০ থেকে ১২ জনের একটি দল দোকানের সামনে জটলা তৈরি করে এবং পরে পাশের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা সিন্দুক থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ভরি রুপা, তিন বক্স নাকফুল ও ২০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দোকান মালিক তুর্য সরকার বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।

তদন্তে ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট সমন্বিতভাবে কাজ করে। গত ৮ সেপ্টেম্বর খুলনার লবণচড়া এলাকা থেকে রুস্তম আলী শেখ (৬৪) গ্রেফতারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

এর আগে, ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানের দোকান থেকে ২৬ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর তাঁতীবাজার থেকে আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি মালামাল উদ্ধার ও অন্যদের শনাক্তে অভিযান চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]