নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৯:১০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৯:১০:৪৩ অপরাহ্ন
নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে নয় মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে জানালা ভেঙে অফিসে ঢুকে কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের অংশ খুলে নিয়ে গেছে চোরেরা। এ সময় একটি লকারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নৈশপ্রহরী অফিস থেকে চলে যাওয়ার পর বেলা ১১টার আগেই চোরেরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা তাঁর কক্ষের অল-ইন-অল পিসির হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং নাজির কাম হিসাবরক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায়।

তিনি জানান, চোরেরা অফিসের একটি লকারের তালা ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করেছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশও খুলে নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একই অফিসের কাম হিসাবরক্ষকের কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়। ওই ঘটনাতেও শুক্রবার জানালা ভেঙে অফিসে প্রবেশ করা হয়েছিল। আগের ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে রয়েছে বলে জানান আবীর হোসেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি নতুন ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]