করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৭:৫৫ অপরাহ্ন
বলিউডে একসময় করীনা কপূর খান ও শাহিদ কপূরের প্রেম ছিল অন্যতম চর্চিত সম্পর্ক। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁদের বিচ্ছেদ ঘটে। তবে ঠিক কী কারণে তাঁদের সম্পর্ক ভেঙেছিল, তা কখনও প্রকাশ্যে স্পষ্ট করেননি দু’জনের কেউই। বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়নি। বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হলেও দু’জনকে পরস্পরকে এড়িয়ে চলতেই দেখা গেছে।

তবে এবার সেই দূরত্বের আবহেই নতুন কৌতূহলের জন্ম দিয়েছে করীনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানের একটি পর্ব। এই অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছেন শাহিদ কপূরের স্ত্রী মীরা কপূর। ইতিমধ্যে সেই পর্বের শুটিং হয়ে গেছে। সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করে অনুষ্ঠানের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মীরা। করীনাও শেয়ার করেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবার একই ফ্রেমে দেখা গেল শাহিদের প্রাক্তন প্রেমিকা করীনা এবং বর্তমান স্ত্রী মীরাকে।

অনুষ্ঠানে তাঁদের মধ্যে কী কী কথা হয়েছে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি মীরা। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, “মহিলারা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ করীনা। তুমি যেমন মানুষ ও নারী, তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।”

মীরার পোস্টে মন্তব্য করে করীনা লেখেন, “তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।” দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। তাঁদের কথোপকথনে শাহিদ কপূর প্রসঙ্গ উঠেছিল কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

করীনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব এবং তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হয়। ফলে মীরার উপস্থিতি ঘিরে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। শাহিদের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা কিংবা নিজের জীবনযাপন নিয়ে মীরা কোনও অজানা তথ্য প্রকাশ করেন কি না, এখন সেটাই দেখার।

উল্লেখ্য, ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের সময়ই করীনা ও শাহিদের সম্পর্কে চিড় ধরেছিল বলে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের কোনও প্রভাব তাঁরা ছবির কাজে পড়তে দেননি। পরিচালক ইমতিয়াজ় আলিও বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের পেশাদার আচরণের প্রশংসা করেছেন।

পরে করীনা অভিনেতা সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১২ সালে সইফকে বিয়ে করেন তিনি। অন্যদিকে, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। তাঁদের বিয়ে ছিল পারিবারিকভাবে ঠিক করা। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সংসার করছেন শাহিদ ও মীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com