নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতায় জড়াচ্ছে: রিজভী

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৪:১২ অপরাহ্ন
একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধ সরকার প্রশ্রয় দেবে না।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগে থেকেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছেন, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। ডেঙ্গু পরীক্ষার জন্য আগে টাকা নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে।

রিজভী আরও বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com