চণ্ডীগড়ে সালমান খানের নামে তৈরি হচ্ছে আবাসন প্রকল্প

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:৩৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:৩৩:১৪ অপরাহ্ন
বলিউড অভিনেতা সালমান খানের নামে চণ্ডীগড়ে তৈরি হতে যাচ্ছে আবাসন প্রকল্প। ইতিমধ্যেই বহুতল এই আবাসন প্রকল্পের জন্য তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

জানা গেছে, প্রস্তাবিত নামগুলোর মধ্যে রয়েছে—‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। শেষ পর্যন্ত এই তিনটির যেকোনো একটি নাম বেছে নেওয়া হতে পারে। তবে অন্য কোনো নামও রাখা হতে পারে বলে জানা গেছে। প্রকল্পটির নাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুধু একটি বহুতল ভবন নয়, প্রকল্পটি আরও বড় পরিসরে গড়ে উঠতে পারে। এতে আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা থাকার কথা রয়েছে। প্রকল্পটির সঙ্গে একটি স্থানীয় ও একটি আন্তর্জাতিক—দুটি আবাসন সংস্থা যুক্ত রয়েছে বলে জানা গেছে।

প্রকল্পটির চূড়ান্ত নাম, নকশা ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বৃহস্পতিবার মুম্বইয়ের অনুষ্ঠানে জানানো হবে। সেখানে সালমান খান নিজেও উপস্থিত থাকবেন বলে খবর।

এদিকে, ১৯৭৪ সাল থেকে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন সলমন খান ও তাঁর পরিবার। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটিই তাঁদের ঠিকানা।

তবে সম্প্রতি সালমানের নতুন বাড়ি নিয়েও খবর সামনে এসেছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছে খান পরিবার। সম্পত্তিটি সালমানের মা সালমা খানের নামে রয়েছে। নতুন বাড়ি তৈরি হলে সলমন ও তাঁর পরিবার গ্যালাক্সি ছেড়ে সেখানে উঠবেন কি না, তা অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কাজের দিক থেকে সালমানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকন্দর’। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বর্তমানে তিনি ‘মাতৃভূমি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। অপূর্ব লাখিয়ার পরিচালনায় এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। ছবিটির নাম প্রথমে ‘ব্যাটল অফ গলওয়ান’ রাখা হলেও পরে তা পরিবর্তন করে ‘মাতৃভূমি’ করা হয়।

নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৬ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে এখনও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। পাশাপাশি পরিচালক বংশী পৈদিপল্লীর আরও একটি ছবিতে অভিনয় করছেন সালমান। এতে তাঁর বিপরীতে থাকছেন নয়নতারা। দিল রাজু প্রযোজিত ছবিটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com