আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৫:৫২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৫:৫২:২৫ অপরাহ্ন
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায়- সর্বত্র আমরা স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ক্যাম্পাসে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কলেজের ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভিডিপি প্রধান খুশি খাতুন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রায়হানুল ইসলাম কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা ভিডিপি প্রশিক্ষক ফিরোজ আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ এম সাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ, সিনিয়র সহ-সভাপতি রাহুলসহ প্রশিক্ষণরত শিক্ষার্থীরা।

১০ দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নিরাপত্তা সচেতনতা, সামাজিক দায়িত্ব ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৮০ জন শিক্ষার্থীর প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে, শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন স্থানে কলেজে ফলজ, বনজ, ঔষধি,গাছের চারা রোপণ এবং ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে। সমাজের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে হবে। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

উপজেলা আনসার ও ভিডিপি প্রধান মোছাঃ খুশি খাতুন বলেন, কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প নেই। 

ভিডিপির প্রশিক্ষন ,বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার বহিঃপ্রকাশ। তরুণদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান শিক্ষার্থী ও অভিভাবকগণ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com