জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায়

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৬:০৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৬:০৩:৪৪ অপরাহ্ন
শাড়ি ভাল কি মন্দ, তা নিয়ে অনেকেরই খুঁতখুঁতানি রয়েছে। তবে ফ্যাশন দুনিয়ার অভিজ্ঞরা বলেন, শাড়ির সাজ কেমন হবে তা নির্ধারণ করে দেয় ব্লাউজ। কাট আর নকশার হেরফেরে শাড়ি যেমন প্রবল রক্ষণশীল হয়ে উঠতে পারে, তেমনই হতে পারে বিশ্বের সেরা আবেদনময় সাজ। শাড়িকে তেমন চোখ-না-ফেরাতে পারা আবেদনময় করে তুলতে স্লিভলেস বা হাতকাটা ব্লাউজ হতে পারে সেরা ‘অস্ত্র’। তবে একঘেয়ে নকশায় ভরসা না রেখে বেছে নিন হাতকাটা ব্লাউজের কিছু ছক ভাঙা কাটিং।

নকশা ১ : গলা বন্ধ। তবে কাঁধ কিছুটা বাড়তি প্রদর্শন করা হয়েছে। কমানো হয়েছে ব্লাউজের দৈর্ঘ্যও। রুক্মিনী মৈত্রের ত্বকের রঙের ব্লাউজের উপরে পুঁতির মালার নকশা দেখে সভ্যতার আদি যুগের ঊর্ধ্বাঙ্গের পোশাকের কথা মনে পড়ে যায়। যখন কাপড়ের বদলে গয়না দিয়েই তৈরি হত বক্ষবন্ধনী ।

নকশা ২: পিঠ ঢাকা পড়েছে কোমর থেকে অনেকখানি উপরে পিঠের মাঝামাঝি থাকা কেবল দেড় ইঞ্চি জুড়ে থাকা অংশটিতে। বাকিটুকু ফাঁকা, ইংরেজি এক্স অক্ষরের আদলের ওই ব্লাউজের হাত গলানোর জায়গাটি অনেকটা মিলিটারি ভেস্টের মতো কায়দায় কাটা। তবে পুরোটাই ঠাসা পুঁতির কাজে ভরা।

নকশা ৩: পাখা মেলা প্রজাপতির মতো চোলি কাটের ব্লাউজ। সেই অংশটিই ব্লাউজের মূল অংশ। যা ধরে রেখেছে স্বচ্ছ শিফনের স্ট্র্যাপ। ব্লাউজ জুড়ে রয়েছে স্বচ্ছ কাটদানা এবং সোনালি চুমকির সিক্যুইনের কারুকাজ।

নকশা ৪: সাধারণ একটি ব্লাউজ অসাধারণ হয়ে উঠেছে গলার প্লিট করা কলারের নকশায়। সামনে এবং পিঠে ডিপ ভি কাটিংয়ের ধার বরাবর ৩-৪ ইঞ্চি চওড়া কাপড় প্লিট করে জুড়ে দেওয়া হয়েছে। হাতাহীন ব্লাউজে সেই বিস্তৃত কলারই তৈরি করেছে মায়াময়তা।

নকশা ৫: কিয়ারা আডবাণীর ব্লাউজের বিশেষত্ব তার বিপজ্জনক হেমলাইনে। হঠাৎ মনে পারে ব্লাউজের কাটিং উল্টে গিয়েছে। গলার ‘ভি শেপ’ ভুল করে চলে গিয়েছে নীচের দিকে। কিন্তু আদতে ওটিই নকশা। আর নীচের উল্টানো ভি-এর মতো কাটা অংশটি আসলে জোড়া রয়েছে স্বচ্ছ স্ট্রেচেবল কাপড় দিয়ে। যাতে ব্লাউজ কোনও ভাবেই নিজের জায়গা থেকে নড়াচড়ার জায়গা না পায়। এমন ব্লাউজ নকশাহীন হতে পারে। আবার সিক্যুইনের কারুকাজ করাও হতে পারে।

নকশা ৬: এ ব্লাউজ দেখলে মনে হবে পোশাক নয়, সুচসুতোর সূক্ষ্ম নকশাই এখানে মুখ্য। ব্লাউজ কেবল সেই নকশার ক্যানভাসের কাজ করেছে। হালকা গোলাপি রঙের হার্ট শেপের ব্লাউজে কাঁথা স্টিচ আর গাঢ় রঙের কাপড়ের বর্ডার। মাঝের অংশের মূল আকর্ষণ গোলাপের কাশ্মীরি স্টিচের কারুকাজ। রিবনের মতো সরু দু’টি স্ট্র্যাপ ধরে রেখেছে ব্লাউজটিকে।

নকশা ৭: লেস দিয়ে ঢাকা কাঁধের অংশটুকু। আর ব্লাউজের বাকি অংশটুকু ধরে রেখেছে আধ ইঞ্চি চওড়া ফিতে। যা কোমরে বেড় দিয়ে ফিরে গিয়েছে সামনে। খোলা পিঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুঁতির ঝালর। ওই লেস-পুঁতির কারুকাজই চওড়া পিঠের হাত কাটা ব্লাউজটিকে ‘ক্লাসিক’ বানিয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com