পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার ছিনতাই

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৫:৪৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৫:৪৭:৪৩ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে তিন নারীসহ ছয়জন ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। এ সময় অটোরিকশার গতিরোধ করে চালককে মারধর এবং যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। হামলায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

তবে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা তাদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন। গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ না করতেও সাংবাদিকদের অনুরোধ করেন।

ভুক্তভোগীরা জানান, দাশুড়িয়া এলাকার হিন্দু সম্প্রদায়ের তিন নারীসহ পাঁচজন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে নতুনহাট গোলচত্বর এলাকা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে পৌঁছালে হেলমেট পরা একদল দুর্বৃত্ত তাদের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা প্রথমে অটোরিকশাচালককে এলোপাতাড়ি মারধর করে। পরে যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে তাদের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। হামলাকারীদের অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম আহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com