রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:০০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:০০:২৯ অপরাহ্ন
দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেম ও বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভালোবাসা নিয়ে একসময় সংশয়ে থাকা বিজয় কীভাবে রাশমিকার প্রতি গভীরভাবে নির্ভরশীল হয়ে উঠেছেন, সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন এই অভিনেতা।

‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে একসঙ্গে হাজির হয়ে ভালোবাসা ও বিয়ে নিয়ে নিজেদের ভাবনা ভাগ করে নেন বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় বিজয় জানান, একসময় ক্যারিয়ার, অর্থ ও সাফল্য অর্জনই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। কাজের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, এমন বিষয়গুলোকে তিনি তখন নিজের লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা বলে মনে করতেন।

বিজয়ের কথায়, জীবনে সুন্দর ভালোবাসা পাওয়ার পরও একসময় তিনি ভালোবাসার ধারণাকে গুরুত্ব দেননি। তবে রাশমিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর তার সেই দৃষ্টিভঙ্গি বদলে যায়।

অভিনেতা জানান, শুরুতে রাশমিকার প্রতি ভালো লাগা তৈরি হলেও ধীরে ধীরে তা গভীর নির্ভরতায় রূপ নেয়। রাশমিকা পাশে থাকলে তার দিন ভালো কাটত, একসঙ্গে খাবার খেলে খাবার আরও সুস্বাদু মনে হতো। এমনকি তার ঘুমও ভালো হতো। এসব অনুভূতি থেকেই একসময় বিজয় উপলব্ধি করেন, রাশমিকাকে শুধু ভালোবাসেনই না, জীবনসঙ্গী হিসেবেও পেতে চান।

তবে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চাননি বিজয়। তার মতে, শুধু আবেগের বশে বিয়ে করা উচিত নয়। সুখ-দুঃখ, ক্যারিয়ারের উত্থান-পতন কিংবা কঠিন পরিস্থিতিতেও দুজনের সম্পর্ক একই রকম দৃঢ় থাকে কি না, তা বোঝা জরুরি।

বিজয় জানান, রাশমিকা প্রায় এক বছর ধরে তাকে বিয়ের বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। অন্যদিকে, তিনিও বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে সম্পর্কটিকে বুঝতে চেয়েছেন। সব পরিস্থিতিতে একসঙ্গে থাকার ইচ্ছা অটুট থাকলেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন এই অভিনেতা।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পরবর্তী সময়ে ‘ডিয়ার কমরেড’ সিনেমায়ও জুটি বাঁধেন তারা। পর্দার এই জুটির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তেলুগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। প্রেম থেকে জীবনসঙ্গী হয়ে ওঠার এই গল্পে তাদের সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে এখন ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com