সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৭:০৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৭:০৯:৫৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার (২৪ অক্টোবর) সকালে মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের বিভাজকের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একাধিক দল কাজ করছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com